হাদিস · 65021
কিয়ামাতের আলামতসমূহের মধ্যে অন্যতম হচ্ছে: ইলম উঠে যাওয়া, অজ্ঞতা বেড়ে যাওয়া, ব্যভিচার বৃদ্ধি পাওয়া, মদ্যপান বেড়ে যাওয়া, পুরুষের সংখ্যা কমে যাওয়া ও নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া…
আনাস রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: আমি অবশ্যই তোমাদেরকে এমন একটি হাদীস শোনাবো, যা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করব, আর আমার পরে তোমাদেরকে এ হাদীস সম্পর্কে আর কেউই বলবে না, তা হল: আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
“কিয়ামাতের আলামতসমূহের মধ্যে অন্যতম হচ্ছে: ইলম উঠে যাওয়া, অজ্ঞতা বেড়ে যাওয়া, ব্যভিচার বৃদ্ধি পাওয়া, মদ্যপান বেড়ে যাওয়া, পুরুষের সংখ্যা কমে যাওয়া ও নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, এমনকি পঞ্চাশজন নারীর জন্য মাত্র একজন পরিচালক বিদ্যমান থাকবে।”
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন: কিয়ামাত কায়েমের সময় ঘনিয়ে আসার আলামত হচ্ছে শরী‘আতের জ্ঞান উঠে যাওয়া, আর তা হবে আলিমগণের মৃত্যুর মাধ্যমে। যার ফলাফল দাঁড়াবে- অজ্ঞতা বেড়ে যাবে ও সর্বত্র ছড়িয়ে পড়বে। যিনা ও অশ্লীলতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে আর নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। এক পর্যায়ে পঞ্চাশজন নারীর উপরে একজন পুরুষ দায়িত্বপ্রাপ্ত হবে, যে তাদের সুবিধা-অসুবিধা ও অন্যান্য বিষয়সমূহ দেখাশুনা করবে।
হাদিসের শিক্ষা
- কিয়ামাতের কতিপয় আলামতের বর্ণনা।
- কিয়ামাত সংঘটিত হওয়ার সময়ের জ্ঞান গায়েবের বিষয়সমূহের অন্তর্ভুক্ত, যা একমাত্র আল্লাহ তা‘আলার কাছেই সংরক্ষিত আছে।
- শরী‘আতের জ্ঞান বিলুপ্ত হওয়ার আগেই তা অর্জনের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন