হাদিস · 65006
হে আল্লাহর রাসূল! ছোট বা বড় কোন পাপ করতে আমি ছাড়িনি। তিনি বললেন: “তুমি কী এ সাক্ষ্য দাওনা যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল?
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন: হে আল্লাহর রাসূল! ছোট বা বড় কোন পাপ করতে আমি ছাড়িনি। তিনি বললেন: “তুমি কী এ সাক্ষ্য দাওনা যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল?” (তিনবার), তখন ঐ ব্যক্তি বললেন: হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: “এটি ঐসবের (পাপের) উপরে প্রাধান্য পাবে।”
ব্যাখ্যা
এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল! আমি ছোট-বড় সব ধরণের পাপ ও নাফরমানিতে লিপ্ত হয়েছি। ছোট বা বড় এমন কোন পাপ নেই, যা আমি করিনি। আমাকে কী ক্ষমা করা হবে? নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন: তুমি কী এ কথার সাক্ষ্য দাওনি যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল? এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। তখন ঐ ব্যক্তি জবাব দিলেন: হ্যাঁ, আমি এ কথার সাক্ষ্য দেই। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদাতাইন (তাওহীদ ও রিসালাতের দুটি সাক্ষ্য)-এর ফযীলতের ব্যাপারে এবং তা দ্বারা পাপসমূহকে ক্ষমা করার বিষয়ে অবহিত করলেন। আর (এটাও অবহিত করলেন যে,) তাওবা তার পূর্বে করা সকল গুনাহকে মিটিয়ে দেয়।
হাদিসের শিক্ষা
- হাদীসটিতে শাহাদাতাইনের মর্যাদা এবং যে ব্যক্তি এটিকে মন থেকে সততার সাথে বলবে, তার পাপের উপরে এটি প্রাধান্য পাবে, এর বর্ণনা রয়েছে।
- ইসলাম গ্রহণ করা পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেয়।
- আন্তরিক তাওবা পূর্বে করা পাপসমূহকে মুছে দেয়।
- শিক্ষাদানের ক্ষেত্রে বারবার বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত।
- শাহাদাতাইনের মর্যাদা বর্ণনা এবং এ সাক্ষ্য দুটি চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা থেকে নাজাত দানকারী।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন