হাদিস · 5953
তোমাদের মধ্যে কেউ (পূর্ণ) মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান-সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে প্রিয়তম হই।
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমাদের মধ্যে কেউ (পূর্ণ) মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান-সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে প্রিয়তম হই।”
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, একজন মুসলিম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারবে না, যতক্ষণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার মাতা-পিতা, সন্তান-সন্ততি ও পৃথিবীর সকল মানুষের উপরে প্রধান্য না দিবে। আর রাসূলের প্রতি এ ভালোবাসা তাঁর আনুগত্য, তাঁকে সাহায্য করা ও তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা দাবী করে।
হাদিসের শিক্ষা
- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ফরয। আর তাঁর ভালোবাসা সকল সৃষ্টির উপরে অগ্রগণ্য হবে।
- পরিপূর্ণ ভালোবাসার নিদর্শন হলো: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সাহায্য করা, সুন্নতের অনুসরণ করা, জীবন ও সম্পদ এ জন্য উৎসর্গ করা।
- রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবী হলো তিনি যা কিছু আদেশ করেছেন সেগুলোর আনুগত্য করা, তিনি যেসব সংবাদ দিয়েছেন সেগুলোকে (অন্তর থেকে) বিশ্বাস করা ও স্বীকৃতি দেওয়া, তিনি যা কিছু থেকে নিষেধ এবং সতর্ক করেছেন সেগুলো থেকে বিরত থাকা, তাঁকেই অনুসরণ করা এবং বিদ‘আত পরিহার করা।
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অধিকার সকল মানুষের থেকে সর্বাধিক মহান ও গুরুত্বপূর্ণ। কেননা, তিনিই আমাদের পথভ্রষ্টতা থেকে হিদায়েত, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের মাধ্যমে সফলতা অর্জনের কারণ।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন